Skip to content

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ

স্টাফ রিপোর্টার
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের তুলনায় উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই কেন্দ্রটির অবকাঠামো সম্প্রসারণ এবং ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খেঁাজখবর নেন। তিনি জানান, শিশুদের খাবারের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের বন্দি হিসেবে আটকে রাখাই সরকারের উদ্দেশ্য নয়। সংশোধন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যাতে তারা ভবিষ্যতে কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব পালন করতে পারে।
তিনি আরও বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর শিশুরা যাতে পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসাসেবা, মনোসামাজিক সহায়তা এবং কাউন্সেলিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভবঘুরেদের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য সরকারের পৃথক আশ্রয়কেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে সেখানে পাঠানো হলেও অনেকেই পরে আবার আগের জীবনে ফিরে যান। তাই শুধু আইন, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)—এর তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫