এম,এ,কবির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন কলেজ শিক্ষক মো. নুরুজ্জামান।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাতে থালা—চামচ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রায় ১০ মিনিট প্রতীকী প্রতিবাদ করেন। তার উদ্দেশ্য ছিল শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রশাসন ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা।
মো. নুরুজ্জামান হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষার সময়ও বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে বক্স বাজানো হচ্ছে। এতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
প্রতিবাদের সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তার কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা বলেন, অতিরিক্ত শব্দের কারণে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পরে ইউএনও কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন শিক্ষক নুরুজ্জামান। দাবিগুলোর মধ্যে রয়েছে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ, সাইলেন্স জোন ঘোষণা, ডেকোরেটর মালিকদের জবাবদিহি নিশ্চিত করা এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা।
স্থানীয় সচেতন মহল শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
