Skip to content

গোলকিপারদের জন্য এবার ইংলিশ ফুটবলে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক:

আগামী মৌসুমে ইংলিশ ফুটবল একটি নতুন পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে, যেটির লক্ষ্য হলো দলগুলোকে তথাকথিত ‘ট্যাকটিক্যাল গোলকিপার টাইমআউটের’ অপব্যবহার থেকে বিরত রাখা। নতুন নিয়মের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এফএ ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সোমবার এটি নিশ্চিত করেছে।

ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ, উইমেন’স সুপার লিগ এবং প্রো রেফ-এর সমর্থনপুষ্ট এই পরীক্ষামূলক প্রয়োগটি ২০২৬-২৭ মৌসুম থেকে ইংল্যান্ডের পুরুষ ও নারী পেশাদার ফুটবলে বাস্তবায়িত হবে।

এই নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ অনুযায়ী, যদি কোনো গোলকিপারের আঘাতের কারণে খেলা বন্ধ হয়, তবে খেলা পুনরায় শুরু হওয়ার পর ম্যানেজার বা প্রধান কোচকে অবশ্যই অবিলম্বে একজন আউটফিল্ড ফুটবলারকে অন্তত এক মিনিটের জন্য মাঠ ছাড়ার নির্দেশ দিতে হবে।

এই নতুন নিয়মটির ফলে খেলা বন্ধ থাকার সুযোগে কোনো দলের কৌশলগত সুবিধা লাভের প্রলোভন দূর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এক বিবৃতিতে আইএফএবি জানিয়েছে, এই পরীক্ষামূলক প্রয়োগটি খেলার বর্তমান আইনের সেই নিয়মের ওপর ভিত্তি করে করা হচ্ছে, যেখানে বলা আছে যে, কোনো আউটফিল্ড ফুটবলারকে মাঠে পরীক্ষা বা চিকিৎসা করা হলে, অথবা তার আঘাতের কারণে খেলা বন্ধ হলে, তাকে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

ফুটবল মাঠে প্রায়শই দেখা যায়, প্রতিপক্ষের কোনো স্পর্শ ছাড়াই গোলকিপার হুট করেই চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছে। এই ঘটনা ক্রমশই নিয়মিত হয়ে উঠছে এবং এটি সমর্থক, বিশেষজ্ঞ ও প্রতিপক্ষ দলের কোচদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিরতিগুলো টেকনিক্যাল এরিয়ার কাছে সতীর্থদের কৌশলগত নির্দেশনা গ্রহণের সুযোগ করে দেয় অনেক সময়।

বিবৃতিতে এফএ বলেছে, এই পরীক্ষামূলক ব্যবস্থাটি এমন পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে করা হয়েছে, যেখানে গোলকিপারদের আঘাতকে কৌশলগতভাবে ‘খেলার গতি ব্যাহত করতে, খেলার গতি কমিয়ে আনতে বা কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি করতে’ ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফুটবলারদের সর্বোচ্চ মানের কল্যাণ বজায় রেখে খেলার স্বাভাবিক প্রবাহকে সমর্থন করার ক্ষেত্রে এর কার্যকারিতা মূল্যায়নের জন্য আইএফএবি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে মৌসুমজুড়ে এই পরীক্ষামূলক ব্যবস্থাটি পর্যবেক্ষণ করতে থাকবে ইংলিশ ফুটবল।’

ইংলিশ ফুটবলের নানা স্তরে গত মৌসুমে খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলকিপারদের চিকিৎসা নেওয়ার জন্য খেলা থমকে যাওয়ার অসংখ্য উদাহরণ ছিল।

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে গোলকিপার ডেভিড রায়া তিনবার চিকিৎসা নেওয়ায় তার সমালোচনা করে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যানেজার ফাবিয়ান হার্টসেলের বলেছিলেন, ‘সাধারণভাবেই প্রিমিয়ার লিগের একটি নিয়ম খুঁজে বের করা দরকার, কারণ আর্সেনাল সেখানে যা করেছে, তা ফুটবলের জন্য নয়।’

ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার বিরুদ্ধে ‘নিয়ম ভাঙা’ ও খেলা ব্যাহত করতে চোটের ভান করার অভিযোগ এনেছিলেন লিডস ইউনাইটেডের ম্যানেজার ড্যানিয়েল ফাকা।

কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই নিয়মটি প্রযোজ্য হবে না। যেমন, কোনো গোলরক্ষককে ফাউল করার পর যখন চিকিৎসার প্রয়োজন হয়, মাঠের এমন কোনো ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় যারও চিকিৎসার প্রয়োজন, যদি রক্তপাত হয় অথবা শারীরিক আক্রমণের ফলে আহত হন কেউ, যেটির জন্য ফ্রিকিক দেওয়া হয় এবং গোলকিপারের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়।

নতুন ব্যবস্থাটি ১ অগাস্ট লিগ কাপের উদ্বোধনী রাউন্ড থেকে চালু করা হবে।

২০২৬-২৭ মৌসুমে সময় অপচয় কমানোর লক্ষ্যে গৃহীত বৃহত্তর পদক্ষেপগুলোর একটি অংশ এটি। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বিলম্বিত থ্রো-ইন ও গোল কিকের জন্য পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন এবং বদলি ফুটবলারদের মাঠ ছাড়ার জন্য ১০ সেকেন্ডের সময়সীমা।

 

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫