Skip to content

গাজীপুর প্রেসক্লাব এখনো ফ্যাসিস্টদের দখলে-এই বক্তব্যের প্রতিবাদেই সৃষ্টি হয়েছিল বিতর্ক

স্টাফ রিপোর্টার:
গত ৩ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বেসিক জার্নালিজম অ্যান্ড এথিকস’ বিষয়ক কর্মশালায় সৃষ্ট সাময়িক উত্তেজনা নিয়ে একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে উপস্থিত একাধিক সাংবাদিক ভিন্নমত প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রকাশিত প্রতিবেদনে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট উপস্থাপিত হয়নি।

সংশ্লিষ্ট সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন বক্তব্য দিতে গিয়ে বলেন, :গত ১৬ বছর গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিস্টদের দখলে ছিল, এখনো গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিস্টদের দখলে রয়েছে।’

এ বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাৎক্ষণিক আপত্তি ওঠে। প্রতিবাদকারী সাংবাদিকদের বক্তব্য ছিল, যদি অতীতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থেকেও থাকে, তবে পুরো গাজীপুর প্রেসক্লাবকে বর্তমানে ‘ফ্যাসিস্টদের দখলে’ রয়েছে বলে সামগ্রিক মন্তব্য করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে প্রেসক্লাবের সকল সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়।

তারা আরও বলেন, বর্তমান সময়ে প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব তত্ত্বাবধায়ক কমিটির ওপর ন্যস্ত এবং সেই কমিটির একজন সদস্য স্বয়ং দেলোয়ার হোসেন। ফলে এমন বক্তব্য স্ববিরোধী বলেও অনেকেই মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের দাবি, তাদের প্রতিবাদ ছিল মূল বক্তব্যের বিরুদ্ধে; কোনো ব্যক্তির মতপ্রকাশের অধিকার হরণ করার উদ্দেশ্যে নয়। পরবর্তীতে অতিথিবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং কর্মশালার কার্যক্রম স্বাভাবিকভাবে শেষ হয়।

এদিকে, পরদিন প্রকাশিত একটি প্রতিবেদনে কেবল প্রতিবাদের অংশটি গুরুত্ব পেলেও, যে বক্তব্যকে কেন্দ্র করে আপত্তি ও বিতর্কের সূত্রপাত হয়েছিল, সেই প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সাংবাদিকরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন সবার সাংবিধানিক অধিকার, তেমনি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামগ্রিক অভিযোগ উত্থাপন করা হলে তথ্যভিত্তিক প্রতিবাদ জানানোর অধিকারও সমানভাবে সবার রয়েছে। সাংবাদিকতার নীতি অনুযায়ী যেকোনো বিতর্কিত বিষয়ে উভয় পক্ষের বক্তব্য প্রকাশ করাই বস্তুনিষ্ঠতার দাবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫