জাকারিয়া হোসাইন
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’—এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি—মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১৫ সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সভাপতি মো. দুলাল ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সহ—সভাপতি তুহিন কাজী, সাধারণ সম্পাদক মো. শামীম হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন বাদল, সদস্য মো. তহিদুল তালুকদার, মিসেস সাগর আক্তারসহ অন্যান্য সদস্যরা।
সভায় সমবায় সমিতির মাধ্যমে সরকারি জলাশয়ে মাছ চাষ নিশ্চিত করা, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার এবং ফিশনেট প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জানা যায়, ৪২৫ জন জেলের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম চালুর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে ১৭টি জেলে পরিবারকে মাছ চাষের জন্য দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া ফিশনেট প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় উত্তরণ ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমীন নাহার প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সমবায় সমিতি গঠনের জন্য উপযুক্ত সদস্য বাছাই এবং প্রকৃত জেলেদের ‘জেলে কার্ড’ প্রাপ্তিতে সহায়তা প্রদানের ক্ষেত্রে মৎস্যজীবী নেটওয়ার্ক সরাসরি ভূমিকা রাখছে।
সভায় জেলেদের জীবনমান উন্নয়ন, টেকসই মৎস্য চাষ, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
