বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মাদক সেবনের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে জসিম উদ্দিন (৩০) ও মো. রাজাকে (১৯) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং আমিনুল ইসলাম (৪১) ও মারুফ হোসেনকে (৩০) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেনÑগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, জয়পুরহাট জেলার তাজবিবি থানার পূর্ব খাসভাট্রা গ্রামের আনিসুর রহমানের ছেলে আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে মারুফ হোসেন এবং রাজশাহী জেলার বাগমারা থানার আলাইপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. রাজা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় রোববার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সোমবার দুপুরে উপজেলা হলরুমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
