মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা—২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ছয় উপজেলায় ৩৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে সভায় জানানো হয়।
জাতীয় নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে পূজার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার পাশাপাশি সন্দেহজনক বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
