শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশ কনস্টেবল আল—আমিন (২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুধখালী এলাকার বাসিন্দা।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আল—আমিন ওই এলাকার আব্দুল হক সর্দারের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আল—আমিন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন।
ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে আল—আমিনের মৃত্যু হয়।
২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন আল—আমিন। তাঁর মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
