Skip to content

১০ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক ॥
চোটটা পেয়েছিলেন গত সপ্তাহে স্ত্রাসবুর্গের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে। তখনই শঙ্কা জেগেছিল ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মহারণে হয়তো খেলা হবে না নেইমারের। সেটাই সত্যি হল। ডান-পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়ে চিড় ধরা পড়ায় এক ধাক্কায় ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ জানিয়েছে পিএসজি।

ব্রাজিল সমর্থকরা অবশ্য স্বাস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ ১০ সপ্তাহের জন্য দর্শক হয়ে গেলেও এবার অন্তত অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে না এই গ্রহের সবচেয়ে দামি ফুটবলারকে। গত বছরের ফেব্রুয়ারিতে এই পঞ্চম মেটাটারসালে চোট পেয়েই ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল নেইমারকে। মাঠের বাইরে ছিলেন ৯৮ দিন। ফিরেছিলেন বিশ্বকাপের ঠিক আগে। এবার আস্ত্রোপচার লাগলে মাঠে ফিরতে গত বছরের চেয়ে বেশি সময় লাগত নেইমারের। সেক্ষেত্রে মৌসুমটাই শেষ হয়ে যেত। এমনকি আগামী জুনে দেশের মাটিতে কোপা আমেরিকায়ও খেলা হতো না নেইমারের। পিএসজির বিবৃতিতে সেই শঙ্কা অন্তত কেটে গেছে।

নেইমারের চোটের অবস্থা খুঁটিয়ে দেখতে গত পরশু প্যারিসে উড়ে এসেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। পিএসজির চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আস্ত্রোপচার না করানোর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতও নিয়েছে পিএসজি। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে নিবিড় চিকিৎসা ও ফিজিওথেরাপির মাধ্যমে নেইমারকে সারিয়ে তোলার ব্যাপারে একমত হয় পিএসজি ও ব্রাজিল। নেইমারও তাতে সম্মতি দিয়েছেন। এ প্রক্রিয়ায় ১০ সপ্তাহের মধ্যে নেইমার মাঠে ফিরতে পারবেন বলে আশা করছে পিএসজি।

সব ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে মাঠে ফিরবেন নেইমার। তার আগে অবশ্য নেইমারকে ছাড়া শেষ ষোলোর বৈতরণী পার হতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। ১২ ফেব্রুয়ারি ও ছয় মার্চ ম্যানইউর মুখোমুখি হবে পিএসজি। গতবার শেষ ষোলোর দ্বিতীয় লেগের আগে নেইমারকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল পিএসজি। এবার তার পুনরাবৃত্তি এড়াতে পারবে টমাস টুখেলের দল?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫