কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ১৬ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগে মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় কাপাসিয়া থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া কাপাসিয়া গ্রামের আমিনুল ইসলামের দুই কক্ষের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
অভিযোগ রয়েছে, গত প্রায় তিন বছর ধরে মাসুদ মিয়া বিভিন্ন সময় তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি প্রথম দিকে ভুক্তভোগী তার মাকে জানালেও কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি দীর্ঘদিন অন্য কাউকে জানাতে পারেনি সে।
স্থানীয়দের ভাষ্য, তিন দিন আগে গভীর রাতে নিজ কক্ষে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তার বাবা। এরপর ভুক্তভোগী বিষয়টি পাশের বাড়ির নারীদের জানায়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ মিয়াকে হেফাজতে নেয়। পরে এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা নম্বর—১০ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় তার বাবা তাকে যৌন হয়রানি করতেন। এমনকি এর আগে ঘোড়াশাল এলাকায় বসবাসের সময় একই ধরনের ঘটনা জানাজানি হলে তারা সেখান থেকে চলে আসেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর বাড়ির মালিক ও স্থানীয়রা ওই পরিবারকে বাসা ছেড়ে দিতে বলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি নাসির আহমদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও জঘন্য। মামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
