Skip to content

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপের ১২২ প্রার্থীর তালিকা প্রকাশ

বাংলাভূমি ডেস্ক ॥
উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।

এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

কাদের বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।
৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

উপজেলাগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫