স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর ও আশুলিয়ায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হলেও শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকাগুলোর শিল্পাঞ্চল। ছুটি ঘোষণা করা হয়েছে কোনাবাড়ী ও আশুলিয়া অঞ্চলের সব পোশাক কারখানায়।
সোমবার কাশিমপুরে পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহতের ঘটনায় মঙ্গলবার সকাল ৭টা থেকেই শ্রমিক বিক্ষোভে উতপ্ত হয়ে উঠে গাজীপুরের শিল্প এলাকা কোনাবাড়ী। এছাড়া সাভারের আশুলিয়া বাইপাল, জামগড়া, জিরাবো, পলাশবাড়ী ও ইউনিক এলাকায় সকাল ৭টায় ব্যাপক বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে। এদিকে এ পরিস্থিতি সামাল দিলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় সহিংসতারোধে সকাল থেকেই তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করলে ওই এলাকার অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অপরদিকে সাভারের আশুলিয়া, জিরাবো, পলাশবাড়ী, জামগড় ও ইউনিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় ওই এলাকাগুলোর পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
