স্টাফ রিপোর্টার ॥ নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর মঙ্গলবার সোয়া ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য আন্দোলন করে আসছি। কিন্তু সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে যাব না।
রাষ্ট্রপতির সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি আমরা নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। তিনি এই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আলোচনার উদ্যোগ নিবেন।
