Skip to content

৫টি প্রচলিত ধারণা মাটিচাপা দিন আজই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানুষের সাথে মানুষের সম্পর্কের গভীরতা, স্পর্শকাতরতা আর বিচিত্রতা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। মানুষের দেহ-মন-প্রাণ থেকে উৎসারিত সম্পর্কের টানাপড়েনে জর্জরিত হয়ে ঘটে চলেছে কতো বিচিত্র ঘটনা। বিয়ের আগে বা পরে যুগলের প্রেম-ভালবাসা সজ্ঞায়িত হয়েছে নানাভাবে। সম্পর্কের লেনদেনের হিসেব-নিকেশ দিয়ে মানুষ প্রতিনিয়ত ভরে তুলছে তার অভিজ্ঞতার ঝুলি।

এসব জটিল বিষয়ে আপনার ধ্যান-ধারণায় গলদ থাকাটা অদ্ভুত নয়। এই ভুলগুলো পরবর্তিতে এক জ্বালাময়ী তিক্ত অভিজ্ঞতার জন্ম দেবে বৈকি। তাই আপনার মনের সমস্যাগুলোকে একটু নতুন করে ঝালিয়ে নিতে পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, সম্পর্ক নিয়ে অতি প্রচলিত ৫টি ধারণাকে রীতিমতো নিয়ম হিসেবে মনে করা হয়। ভাল সম্পর্কের জন্যে এগুলোকে শর্ত হিসেবে মেনে চলা হয়। অথচ মাটিচাপা দেয়া অতি জরুরি। কাজেই জেনে নিন এবং শিগগিরই এগুলো মনের গভীর থেকে নিংড়ে বের করে আনুন।

১. স্বপ্নের মানুষের জন্যে অপেক্ষার পালায় ইতি টানুন: স্বপ্নের রাজপুত্রের দেখা একদিন মিলবে, এ স্বপ্নে বিভোর হয়ে অপেক্ষা করছেন। বাস্তবে আসুন, একেবারে আপনার মনের মতো মানুষের দেখা বাস্তবে মেলে না। নতুন চিন্তাধারায় উজ্জীবিত হয়ে নতুনদের সাথে পরিচিত হউন। তাদের জানার ও বোঝার চেষ্টা করুন। দেখবেন, ভাললাগার মানুষ মিলে যাবে সহসা।

২. একই মন-মানসিকতা থাকতে হবে: মনের মিল কিন্তু সব সময় শান্তি মেলায় না। বরং এটা একধরনের একঘেয়েমি এনে দিতে পারে। আপনাদের দুজনের ভিন্ন চাহিদা, পছন্দ, অভ্যাস এবং আবেগ-অনুভূতি থাকা সত্ত্বেও আপনারা সুখী হতে পারেন। কাজেই সম্পর্কে জড়ানোর সময় বা এর পরে অপরজনের সাথে আপনার মনের হুবহু মিল খুঁজতে যাবেন না।

৩. খাঁটি ভালবাসা আর বিশুদ্ধ শ্বাস ছাড়া বাঁচা যায় না: আজীবন বেশি বেশি ভালবাসা পেতে কার না ভাল লাগে। কিন্তু তাই বলে এটা ছাড়া বাঁচা যায় না তা কিন্তু নয়। প্রতিনিয়ত আপনাকে নিজের জীবন, সংসার, সন্তান, কাজ ইত্যাদি বহু সমস্যার মোকাবেলা করতে হবে। এই বিষয়গুলো আপনাদের সম্পর্কে বিচিত্র প্রভাব ফেলতে পারে। আর এর ভিতর দিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে।

৪. অপরজনকে বদলানোর চেষ্টা করবেন না: নিজের সুখ-শান্তির দায়িত্ব অন্যের ওপর বর্তাবেন না। আর এ জন্য সঙ্গীকে বদলানোর চেষ্টা করবেন না। শুধু প্রিয়জনই নয়, আপনার ব্যক্তিত্ব এবং স্বভাব-চরিত্র পোশাকের মতো নয় যে খুলে পছন্দের মাপে বানিয়ে ফেলবেন। যদি নিজের চাহিদা মতো তাকে বদলে ফেলার চিন্তা মনে আসে, তবে এটা আপনার সমস্যা। এ চিন্তাধারা ছেঁটে ফেলে দিন।

৫. আপনি সব সময় ঠিক নন: সিনেমার রঙীন পর্দায় নানা বিপর্যয়ের পর শেষটাতে সুখে-শান্তিতে সবার জীবন শুরু হলেও বাস্তবে এর উল্টোটা হতে পারে। শুরুতে উপচে পড়বে আনন্দ আর ধীরে ধীরে জীবন হতে থাকবে বেদনা বিধুর। আপনাকে নানা বৈরিতায় রুখে দাঁড়াতে হবে। তর্ক-বিতর্কের ঝড়, দু-একটা গ্লাস ভাঙা তো নিত্য ঘটনা হতে পারে। মাথায় রাখবেন, ভুল আপনারও হতে পারে। বোঝার চেষ্টা করুন, অপরজনের ভুল ধরিয়ে দিন ঠাণ্ডা মাথায়। একযোগে একটা সমস্যা সমাধানের জন্য টিম ওয়ার্ক করুন। দেখবেন, সকল মুশকিল আহসান হয়ে যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫