Skip to content

টি-২০ বিশ্বকাপে ১১৫ কোটি টাকার সাজসজ্জা

স্পোর্টস ডেস্ক॥ টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রাজধানী সাজাতে ১১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল রবিবার শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

‘ইমপ্রুভমেন্ট অব রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিউটিফিকেশন ওয়ার্কস অ্যারাউন্ড মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড মেজর রোডস অব ঢাকা সিটি ফর আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-২০ বাংলাদেশ-২০১৪’ নামের প্রকল্পটির অধীনে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা ও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামসংলগ্ন রাস্তার অবকাঠামোগত উন্নয়ন করা হবে। একইসঙ্গে সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজ এবং সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে কার্যক্রম সম্পন্ন হবে। সরকারের ৯২ কোটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব তহবিলের ২৩ কোটি টাকা নিয়ে মোট ১১৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ কাজগুলো করবে।

প্রায় ২৩ কিমি রাস্তার অবকাঠামোগত উন্নয়ন, ২৩.৫০ কিমি রাস্তার ট্রাফিক সাইন, রোডমার্কিং আলোকায়ন ও বিদ্যুতায়ন এবং ২০.৫০ কিমি রাস্তা আলোয় সজ্জিতকরণ, সৌন্দর্যবর্ধন ও ডেকোরেশন কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগামী মাস থেকে টি-২০ বিশ্বকাপ। গত বিশ্বকাপে আমি দায়িত্বে ছিলাম। এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। টি-২০ বিশ্বকাপে ঢাকাকে ভালোমতো সজ্জিত করা হবে। নগরীর রাস্তাঘাটকে সজ্জিত করা হবে। এ জন্য প্রকল্পটি পাস করেছি। এই প্রকল্পে আগামীকাল থেকেই প্রকল্পের কাজ শুরু করা হবে।’ ক.কন্ঠ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫