Skip to content

চার চারটি ‘হাঁস’ নিয়ে ফিরলেন মেন্ডিস

স্পোর্টস ডেস্ক ॥
শূন্যের সঙ্গে যেন বসত গড়ে ফেলেছেন শ্রীলঙ্কার টপঅর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। পুরোনো বছরে শেষ করেছিলেন শূন্য দিয়ে, নতুন বছরের শুরুটাও করেছেন শূন্য দিয়েই। এরপর খেলা আরও দুই ইনিংসে শূন্যেই ফিরেছেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান।

ক্রিকেটে শূন্যের আরেক নাম ডাক, বাংলায় বললে হাঁস। পরপর চার ইনিংসে এই হাঁস নিয়ে সাজঘরে ফিরে বিব্রতকর রেকর্ডে নিজের নাম তুলেছেন মেন্ডিস। ইতিহাসের মাত্র চতুর্থ স্বীকৃত (ওপেনিং থেকে ছয় নম্বর পর্যন্ত) ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে শূন্য রানে আউট হলেন তিনি।

এছাড়া শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা চারটি হাঁসের দেখা পেয়েছেন মেন্ডিস। আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ২ বলে ০ রানে আউট হওয়ার মাধ্যমে হাঁসের হালি পূরণ করেছেন তিনি।

মেন্ডিসের শূন্য রানের এ ধারাটা শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে। সেই ম্যাচের প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানে। পরে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তার রান যথাক্রমে ৪ বলে ০ ও ১ বলে ০!

আর আজ তিনি ফিরেছেন মুখোমুখি দ্বিতীয় বলে। স্টুয়ার্ট ব্রডের করা ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা চতুর্থ হাঁসে নিজের নাম লেখান মেন্ডিস। যা তার ক্যারিয়ারের ১১তম শূন্য রানের ইনিংস।

মেন্ডিসের আগে স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে টানা চার ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন পঙ্কজ রায় (ভারত, ১৯৫২), লরি মিলার (নিউজিল্যান্ড, ১৯৫৩-৫৪) এবং মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া, ১৯৯২)।

এছাড়া শ্রীলঙ্কার হয়ে টানা চার ডাকের দেখা পাওয়া অন্য দুজন ক্রিকেটার হলেন গুই ডি আলভিস (১৯৮৬-৮৮) এবং নুয়ান প্রদীপ। তারা দুজনই মূলত বোলার। এদের মধ্যে আবার নুয়ান প্রদীপ দুইবার টানা চার ডাক মেরেছেন। প্রথমবার ২০১৫ সালে, পরেরটি ২০১৭ সালে।

এদিকে চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ডাকের তালিকায় শীর্ষে উঠে গেছেন মেন্ডিস। এই টানা চারটিসহ মোট ৫ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচবার শূন্য রানে আউট হওয়া অন্য দুজন হলে শান মাসুদ (পাকিস্তান) ও প্যাট কামিনস (অস্ট্রেলিয়া)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫