বিনোদন ডেস্ক॥ কৃষিবিদ রফিকুল ইসলাম ‘প্রপস’ নামক একটি নাটক রচনা করেছেন। আর এই নাটকটির দৃশ্যায়নের প্রয়োজনে পরিচালক বি ইউ শুভকে যেতে হয়েছিল নেপালে।
নেপাল থেকে ফিরে এসে নাটকের দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তার সহধর্মিণী জুঁই করিমের ভাষ্য হচ্ছে এমন, ‘অনেক নাট্যকারের গল্পে অভিনয় করেছি। কিন্তু একজন কৃষিবিদ যে এতো চমৎকার গল্প লিখতে জানেন তা আমাদের ধারণা ছিল না। সত্যিই নাটকটির গল্প অসাধারণ। পরিচালক বি ইউ শুভ অনেক যতœ করে নাটকটি নির্মাণ করেছেন। আমরা মনে করি, এ ধরনের নাটক দর্শকের দেখা উচিত।’
এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়ে বর্তমানে সম্পাদনার কাজ চলছে। পরিচালক বি ইউ শুভ বলেন, ‘বিগত কয়েক মাসে বেশ কয়েকটি নাটকই নির্মাণ করেছি। কিন্তু প্রপস নাটকের কথা বিশেষভাবে বলার একটিই কারণ, এর গল্প এবং নির্মাণশৈলী সত্যিই অসাধারণ হয়েছে।’
‘প্রপস’ নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। মোশাররফ করিম অভিনয়ে নিয়মিত হলেও তার স্ত্রী জুঁই করিম অভিনয়ে নিয়মিত নন। বলা যায়, অনেকটাই শখের বশে তিনি অভিনয় করছেন। এই নাট্যদম্পতি প্রথম একসঙ্গে অভিনয় করেন নাসির আল মনিরের পরিচালনায় ‘সিমিলার টু’ নাটকে। সর্বশেষ তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন রাজীব রসূলের ‘গেট’ নাটকে।
এদিকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। নাটকে একই সাথে দাদা ও নাতির চরিত্রে তার অনবদ্য অভিনয়ের কারণে এরইমধ্যে নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
এছাড়া তিনি ‘জালালের পিতাগণ’ ও ‘পাঠার ভাই বদরুদ্দিন’ নামের দুটি নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন। তার অভিনীত অন্যান্য ছবিগুলো হচ্ছে ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’ ও ‘টেলিভিশন’।
এদিকে জুঁই করিম গত সোমবার থেকে এম আর মিজানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নগর আলো’র কাজ শুরু করেছেন।
