বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার এলাকায় হিন্দু পরিবারের ওপর আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৩ নভেম্বর এ ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরেন আইনজীবী সুব্রত চৌধুরী ও এ এম আমিন উদ্দিন। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত আদেশের পাশাপাশি রুলও জারি করেন।
আদালত ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেন। একই সঙ্গে ফেসবুকে ওই মন্তব্য কে পোস্ট করেছে, তাকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিতে পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ওই ঘটনায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতেও বলা হয়।
এই নির্দেশনা অনুসারে অনুসন্ধান ও ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। পরে তিনি বলেন, তিন সদস্যের পুলিশের ওই প্রতিবেদন অনুসারে ক্ষয়ক্ষতির হিসাব ৪৩ লাখ ৪২ হাজার টাকা। আদালতের নির্দেশ অনুসারে এ অর্থ তিন সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে।
