স্পোর্টস ডেস্ক ॥ মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান ও অধিনায়ক মঈন খান। অস্ট্রেলিয়ান ম্যানেজার ডেভ হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন তিনি। মার্চে পিসিবির সঙ্গে যার দুই বছরের চুক্তি সমাপ্ত হবে।
মিসবাহ উল হক-শহীদ আফ্রিদির কোচ হওয়ার দৌঁড়ে ৪২ বছর বয়সী মঈন ফ্রন্ট লাইনে ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত ছক্কা মারলেন কুশলী এই উইকেটকিপারই। ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, ইন্তিখাব আলমদের পেছনে ফেলে ‘দ্য আনপ্রেডেক্টেবল’দের নতুন হর্তাকর্তা নির্বাচিত হলেন তিনিই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফের পতনের পর তার স্থলাভিষিক্ত নাজাম শেঠির প্রশাসনের অধীনে প্রথম দিনেই কোচ হিসেবে মঈনের নিযুক্তির সিদ্ধান্তটি গ্রহণ করা হলো।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ জানান, পাকিস্তান ক্রিকেট দল মঈন খানের অধীনেই আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ফেব্রুয়ারি ও মার্চে যে দুটি টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তবে তার কোচিংয়ের মেয়াদ কতদিনের তা স্পষ্টভাবে জানা যায়নি। প্রসঙ্গত, মঈন খান ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৬৯টি টেস্ট ও ২১৯টি ওয়ানডে ম্যাচ খেলেন। তিনি পাকিস্তান ও ভারতের বিভিন্ন ঘরোয়া দলের কোচিং করিয়েছেন। তবে জাতীয় দলের দায়িত্বে এই প্রথম।
