স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন চারদিন মুলতবির পর রোববার বিকাল সাড়ে ৪টায় আবার বসছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চার দিনের জন্য মুলতবি ঘোষণা করেন।
গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনের প্রথম কার্য-দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আ. স. ম. ফিরোজ ধন্যবাদ প্রস্তাব আনলে সরকারি দলের নুর-ই আলম চৌধুরী তা সমর্থন করেন। এর পর ওই দিনই রাষ্ট্রতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দশম জাতীয় সংসদের সাতটি কার্যদিবস অতিবাহিত হয়েছে। এ সাত কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়।
কমিটিগুলোর মধ্যে রয়েছে- সংসদ কার্য-উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, পিটিশন কমিটি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও লাইব্রেরি কমিটি।
