Skip to content

গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযানে দেশীয় অস্ত্র-বোমা উদ্ধার 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এই তল্লাশি অভিযান চালায়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর ঘাট সংলগ্ন কিশোর গ্যাংয়ের বিভিন্ন আস্তানায় হানা দেয় সেনাবাহিনী। অভিযানে আস্তানাগুলো থেকে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাংয়ের সদস্যরা দৌলতপুর ঘাট এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল। প্রাথমিক তথ্যানুযায়ী, এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে সাব্বির, শাকিল এবং মিহাদ নামে তিন যুবক। তাদের নির্দেশেই ঘাটের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হতো।
গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অপরাধীদের দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫