Skip to content

রগ কাটছে আওয়ামী সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী সন্ত্রাসীরা এখন নেতাকর্মীদের হাত-পায়ের রগ কাটছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান খানের হাত-পায়ের রগ কেটে দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আলমগীর বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ভেবেছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, অপহরণ এবং হত্যা করে দেশকে বিরোধী দলশূন্য করার মাধ্যমে ক্ষমতাকে নিষ্কণ্টক করা যাবে। আর এ কারণেই বর্তমান অবৈধ সরকার সন্ত্রাসের মাধ্যমে সারাদেশকে এক ভয়াবহ মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।’

ফখরুল বলেন, ‘আব্দুল মান্নান খানের হাত-পায়ের রগ কেটে তাকে মৃত্যু পথযাত্রী করার ঘটনা বর্তমান নিষ্ঠুর গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক বর্বর কর্মকাণ্ড থেকে কোনো আলাদা ঘটনা নয়। দেশে বহুদলীয় গণতন্ত্রকে পদদলিত করে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার উদ্দেশ্যে তারা এখন দেশে রক্তের হোলিখেলায় মেতে উঠেছে। জনমনে ভীতি ও শঙ্কা সৃষ্টি করার উদ্দেশ্যে চলমান উপজেলা নির্বাচনের প্রাক্কালে দেশে খুনোখুনীর মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বর্তমান অবৈধ সরকার।’

মির্জা আলমগীর অবিলম্বে বাগেরহাট জেলাধীন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খানের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি গুরুতর আহত আব্দুল মান্নান খানের আশু সুস্থতাও কামনা করেন।

উল্লেখ্য, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের উপর দুর্বৃত্তরা শুক্রবার সকালে হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫