স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ খাইরুল হাসান, মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মেট্রো সদর থানা আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সরকার ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক।’
তিনি বলেন, ‘আমরা লংমার্চ করে জনগণের প্রত্যাশা ও দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা আশা করেছিলাম, সরকার জনগণের পক্ষে অবস্থান নেবে। কিন্তু তেলের দাম, গ্যাসের দাম ও বিদ্যুতের দাম বাড়িয়ে সেই চাপ জনগণের কাঁধে তুলে দেওয়া হয়েছে।’
অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, ‘এদেশে কোনো সিন্ডিকেট চলবে না। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করে জনস্বার্থ নিশ্চিত করা। জনগণের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না।’
তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি নীতিতে পুনর্বিবেচনার আহ্বান জানান।
মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খাইরুল হাসান বলেন, অল্প সময়ের মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। তাঁর দাবি, জনজীবনে এর সরাসরি প্রভাব পড়বে এবং পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয়ও বাড়ার আশঙ্কা তৈরি হবে।
তিনি বলেন, ‘সরকার বুঝেছে এই মূল্যবৃদ্ধি জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই রাতের অঁাধারে মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে’—এমন অভিযোগ করে তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।
খাইরুল হাসান বলেন, ‘জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনে আমরা জনগণের সঙ্গে আছি। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।’
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও মোঃ আজহারুল ইসলাম মোল্লা, অফিস সম্পাদক আবু সীনা নুরুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, নগর কর্মপরিষদ সদস্য নেয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানা আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসাইন, কোনাবাড়ী থানা আমির কবির হোসাইন, কাশিমপুর থানা আমির ফরহাদ হোসেন, পুবাইল থানা আমির এডভোকেট শামীম মৃধা, মেডিকেল বিভাগের সভাপতি আমজাদ হোসেন খান, আইনজীবী বিভাগের সভাপতি এডভোকেট শাহজাহান সিরাজী, মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম এনামুল, মেট্রো সদর থানা সেক্রেটারি রবিউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে পৌঁছালে নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচি শেষ হয়।
