Skip to content

র‌্যাবকে নিয়েই আমাদের চলতে হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি ॥
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশের শান্তি রক্ষার প্রচেষ্টায় পুলিশের পাশাপাশি র‌্যাবকে নিয়েই আমাদের চলতে হবে।’ তবে এদের মধ্যে যাঁরা দুষ্কৃতকারী, দুর্নীতিপরায়ণ ও দিকভ্রষ্ট হয়ে গেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘একটি সমাজে অনেক অপরাধী, দুষ্কৃতকারী ও খারাপ মানুষ রয়েছে। তাই বলে কি তাঁদের বাদ দিয়ে সমাজের চিন্তা করতে পারি?’

আজ বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। থার্মেক্স গ্রুপের সৌজন্যে জেলা পুলিশকে দেওয়া ছয়টি পিকআপ ভ্যান গ্রহণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গতকাল দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে শতাধিক রকেট লঞ্চার, গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার, কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের চুরি করা টাকা উদ্ধার, জঙ্গিদের ধরাসহ বিভিন্ন ঘটনার সুরাহা র‌্যাবই করেছে।

সীমান্তে হত্যাকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, তা নিতান্তই ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভুল-বোঝাবুঝির অবসান করা হয়েছে।
আসাদুজ্জামান খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কমিশনার নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনা সম্পর্কে বলেন, ‘আমরা অন্যদের মতো জজ মিয়ার নাটক করি না, এমনকি ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তও করি না।’ তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে একটু সময় লেগে যায়, আমাদেরকে সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় দিতে হবে। আর এই হত্যা কেন হয়েছে, কীভাবে হয়েছে, এসব বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে এবং শিগগিরই তা আপনাদের জানানো হবে।’
জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা অঞ্চলের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, জেলা প্রশাসক ওবায়দুল আজম ও জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবদুস সাত্তার।
এর আগে নরসিংদীর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা জেলা পুলিশের জন্য তিন কোটি টাকায় কেনা ছয়টি পিকআপ ভ্যানের চাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫