বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অবশেষে ইরাকি পার্লামেন্ট একজন স্পিকার নির্বাচন করেছে। তিনি হলেন সুন্নি মতাবলম্বি এমপি সেলিম আল জুবুরি। পার্লামেন্টের অচলাবস্থা দূর করতে মঙ্গলবার পার্লামেন্ট সদস্যরা একমত হন। ধারনা করা হচ্ছে, এটি ইরাকের সুন্নি জঙ্গিদের প্রতিরোধ করতে একটি নতুন সরকারের গুরুত্বপূর্ন আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ৩২৮ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৯৪ জনের ভোটে সিপকার নির্বাচিত হন সেলিম আল জুবুরি।
সিপকার নির্বাচনের পরের ৩০ দিনের মধ্যে পার্লামেন্ট একজন প্রেসিডেন্ট ও তারও পরের ১৫ দিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবে পার্লামেন্ট। একটি অনানুষ্ঠানিক বৈঠকের অধীনে সিদ্ধান্ত হয় যে, সিপকারের পদটি পাবেন একজন সুন্নি, প্রেসিডেন্টের পদ পাবেন একজন কুর্দি ও প্রধানমন্ত্রীর পদ পাবেন একজন শিয়া মতালম্বী। ইরাকি পার্লামেন্ট এই তিনটি পদ দ্রুত পূরণ করে বিদ্রোহীদের দমনে একটি নতুন সরকার গঠন করতে আন্তর্জাতিক চাপের মধ্যে আছে। তবে এও ধারণা করা হচ্ছে যে, নতুন সরকার গঠন প্রক্রিয়ায় সিপকার নির্বাচন হচ্ছে সবচেয়ে সহজ প্রক্রিয়ার একটি।
এরপর আরও জটিল রাজনৈতিক প্রক্রিয়া দেখা দিতে পারে। সামনের দিনগুলোতে আরও অনেক বাঁধা বিপত্তি হাজির হতে পারে। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকী ২০০৬ সাল থেকে শাসন করে আসছেন। এবার তিনি সরে যাওয়ার জন্য শক্ত চাপে রয়েছেন, যদিও তিনি চান তাকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হোক। তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন।
