বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ছে। চলতি বছর গত তিন মাসে (এপ্রিল-জুন-২০১৪) এ খাতে ঋণ প্রবাহের গতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রিপোর্ট থেকে জানা যায়, দেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০১৪ সালে এ পর্যন্ত এসএমই খাতে ১ লাখ ৪৩ হাজার ১৩৯ উদ্যোক্তার মাঝে মোট ২৫ হাজার ২৫৫ কোটি ৪ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। চলতি বছর এসএমই ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ২৮ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে জানুয়ারি-মার্চ এ তিন মাসে ঋণ বিতরণ হার ছিল লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৬০ শতাংশ।
২০১৩ সালের এপ্রিল-জুন তিন মাসের চেয়ে এর পরিমাণ ২ হাজার ৭৫৮ কোটি ৪৭ লাখ টাকা বা ১২ দশমিক ২৬ শতাংশ বেশি। অন্যদিকে ২০১২ সালের এপ্রিল-জুন তিন মাসের চেয়ে ২০১৩ সালের তিন মাসে এসএমই খাতে ৭ হাজার ২৮০ কোটি ৯ লাখ টাকা বা ৪০ দশমিক ৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে। অর্থাৎ ২০১২ ও ২০১৩ সালের এপ্রিল-জুন তিন মাসে এসএমই খাতে যথাক্রমে ১৭ হাজার ৯৭৪ কোটি ৯৫ লাখ টাকা এবং ২২ হাজার ৪৯৬ কোটি ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত এসএমই ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা। জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাসে ঋণ বিতরণের পরিমাণ ছিল ২১ হাজার ৯০৫ কোটি ৮৯ লাখ টাকা। চলতি বছরে জানুয়ারি-জুন সময়কালে ২ লাখ ৬১ হাজার ১৮ জন এসএমই উদ্যোক্তার মাঝে মোট ৪৭ হাজার ১৩০ কোটি ৩৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৯৪ শতাংশ। বিগত বছরের প্রথম ষান্মাসিকে বিতরণকৃত মোট এসএমই ঋণের চেয়ে ৫ হাজার ২৮১ কোটি ৮২ লাখ টাকা বেশি অর্থাৎ ১২ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অপরদিকে ২০১২ সালের প্রথম ষান্মসিকের তুলনায় আলোচ্য বছরের প্রথম ষান্মাসিকে এসএমই খাতে ঋণের প্রবাহ ৪৬ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৩ সালের জানুয়ারি-জুন সময়কালে বিতরণকৃত মোট এসএমই ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৩২ হাজার ২৫৫ কোটি ৬১ লাখ ও ৪১ হাজার ৮৪৮ কোটি ৫৬ লাখ টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৪ সালের জানুয়ারি-জুন সময়কাল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ২ লাখ ৫৫ হাজার ৭৬ উদ্যোক্তার মাঝে ৪৫ হাজার ৫৪১ কোটি ৮৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা বিগত বছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণকৃত এসএমই ঋণের চেয়ে ৪ হাজার ৬৩৩ কোটি ৫৩ লাখ টাকা বা ১১ দশমিক ৩২ শতাংশের বেশি।
জানুয়ারি-জুন সময়কাল পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো যথাক্রমে লক্ষ্যমাত্রার ৫০ দশমিক ৫৮ শতাংশ ও ৫৬ দশমিক ৩৯ শতাংশ অর্জন করেছে।
উল্লেখ্য, কোনো কোনো ব্যাংক ইতোমধ্যেই তাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্জন করেছে। জানুয়ারি-জুন সময়কাল পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো ২৩ হাজার ৮৮৬ উদ্যোক্তাকে ২ হাজার ৮৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বিশেষায়িত ব্যাংকগুলো ৮ হাজার ৭৯৩ জনকে ১ হাজার ৬২২ কোটি ২৫ লাখ, বেসরকারি ব্যাংকগুলো ২ লাখ ১৯ হাজার ২৩৮ জনকে ৪০ হাজার ৬০৬ কোটি ২৭ লাখ ও বিদেশি ব্যাংকগুলো ৩ হাজার ১৫৯ জনকে ৪৩৮ কোটি ৪৮ লাখ টাকা বিতরণ করেছে।
২০১৪ সালের জানুয়ারি-জুন সময়কালে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ হাজার ২০৪ কোটি ৯৩ লাখ টাকার বিপরীতে ৫ হাজার ৯৪২ উদ্যোক্তার মাঝে ১ হাজার ৪৮৮ কোটি ৫৫ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো বিগত বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৯৪ শতাংশ অর্থাৎ ৬৪৮ কোটি ২৯ লাখ টাকা বেশি ঋণ বিতরণ করেছে।
খাতওয়ারী বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালের জানুয়ারি-জুন সময়কালে সেবা খাতে ৩ হাজার ৬৬৪ কোটি ৫ লাখ টাকা, ব্যবসা খাতে ৩০ হাজার ৫০৬ কোটি ১৭ লাখ টাকা এবং শিল্প খাতে ১২ হাজার ৯৫৯ কোটি ২৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
অপরদিকে ২০১৩ সালের একই সময়কালে সেবা খাতে ২ হাজার ২০৯ কোটি ৭৫ লাখ টাকা, ব্যবসা খাতে ২৭ হাজার ৭৬৯ কোটি ৪৬ লাখ টাকা এবং শিল্প খাতে ১১ হাজার ৮৬৯ কোটি ৩৫ লাখ টাকা বিতরণ করা হয়েছিল। অর্থাৎ বিগত বছরের প্রথম ষান্মসিকের তুলনায় ২০১৪ সালের একই সময়ে এসএমই উদ্যোগের ম্যানুফ্যাকচারিং, সেবা ও ব্যবসা খাতে ঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ক্ষুদ্র খাতেও এসএমই ঋণের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালের জানুয়ারি-জুন সময়কালে ক্ষুদ্র ২৩ হাজার ৯৫৯ কোটি ৬৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যাবস্থাপক মো. মাসুম পাটোয়ারী বাংলামেইলকে জানান, ব্যাংকার, উদ্যোক্তাদের এসএমই ঋণের নীতিমালা ও রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া উদ্যোক্তারা যেন সঠিক সময়ে ঋণ পায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। এ কারণেই এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ছে।
এসএমই খাতে বাড়ছে ঋণ প্রবাহ
আপডেট :August 14, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
