Skip to content

আজ জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।
মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। এরপর বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে প্রথমে জেএসসি-জেডিসির ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল থেকে ফল জানতে পারবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রায় ৫০ লক্ষাধিক শিক্ষার্থীর এ দুই পরীক্ষার ফল একই দিনে পেতে যাচ্ছে। গত বছর ২৯ ডিসেম্বর অষ্টম শ্রেণি এবং পরদিন পঞ্চম শ্রেণির সমাপনীর ফল প্রকাশ করা হয়েছিল। এর আগের বছর ২৬ ডিসেম্বর একই সঙ্গে দুই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়। হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে ১৮ নভেম্বর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা ২০ নভেম্বর শেষ হয়। এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী।
এবার নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি নতুন বই তুলে দেবে সরকার। এ লক্ষ্যে আজই পরীক্ষার ফল প্রকাশ করে ওই দিনই প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বই উৎসব করবে। এবার প্রায় ৩৩ কোটি পাঠ্যবই বিনা মূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) ও টেলিটক মোবাইলের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd) ফল পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫