জেলা প্রতিনিধি, প্রবি ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে ৩ ছাত্রকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হল থেকে বের করে দেয়া ৩ ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাথী বলে জানিয়েছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রায়হান আহমেদ রিমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে এম কেরামত আলী হলের কৃষি অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্র মো. মুজাহিদুল ইসলাম, মো. আতিকুল্লাহ জুবায়ের, মো. আরিফুজ্জামান আরিফকে মারধর করে হল থেকে বের করে দেয়। এ সময় ওই ছাত্রদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
অভিযানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সহ-সভাপতি প্রতাপ চন্দ্র রায় নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক পীযুজ কান্তি, এম কেরামত আলী হলের সভপতি তাপস কর্মকার, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী।
এ ব্যাপার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রায়হান আহমেদ রিমন বলেন, ‘পবিপ্রবি ক্যাম্পাস শিবির মুক্ত করার লক্ষ্যে ওই ছাত্রদের হল থেকে বের করে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে জামাত-শিবিরের কোনো চক্রান্ত সফল হতে দেব না।’
