চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে ৪ কেজি ৬’শ গ্রাম ওজনে ৪০টি স্বর্নের বারসহ দুই ট্রাফিক হেলপারকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-বেলাল হোসেন ও শেখ কামাল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে আসা এফজেড৫৮৯ বিমানের ওই দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের আটকের চেষ্টা করা হয়। তখন তারা দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে ধরে ফেলে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর তাদের হাতে থাকা লাগেজের ভেতরে সিগারেটের প্যাকেট থেকে ৪০টি স্বর্নের বার উদ্ধর করা হয়। যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। এর বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
