Skip to content

ছিটমহলের উন্নয়নে সহায়তায় আগ্রহী ইউএনডিপি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পর ভারতের কাছ থেকে উদ্ধারকৃত ছিটমহলগুলোর উন্নয়নে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউএনডিপি। একই সাথে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান এ সংস্থাটি ছিটমহলগুলোর অধিবাসীদের দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতেও কাজ করতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রোববার তার তেজগাঁও কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের ব্যাপারে খুবই আশাবাদী। তিনি বাংলাদেশ থেকে তাঁর কূটনৈতিক জীবন শুরু করায় এ দেশের প্রতি তাঁর (মুন) বিশেষ সহানুভূতি রয়েছে।
রবার্ট বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। একইভাবে বাংলাদেশ এমডিজি-পরবর্তী লক্ষ্য পূরণেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী ভিশন-২০২১ বাস্তবায়নে তাঁর সরকারের অব্যাহত প্রয়াসের কথা উল্লেখ করে বলেন, প্রথম পদক্ষেপে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন পুষ্টি চাহিদা মেটানোর কাজ চলছে।
শেখ হাসিনা আরো বলেন, ভিশন-২০২১ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। সরকার আগামী তিন বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার আরো ১০ শতাংশ হ্রাসের উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা এ ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষাসহ শিক্ষা খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএনপি-জামায়াতসহ কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের হটকারী অবরোধ কর্মসূচি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের নিম্ন আয়ের মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াত আমাদের সব অর্জন ধ্বংস করতে চায়।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাত্রাকে দুর্ভাগ্যজনক অভিহিত করে বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ এই পরিস্থিতি উতরে যেতে সক্ষম হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫