Skip to content

বছরেও পরিচয় মেলেনি অস্ট্রেলিয়ায় আটক বাংলাদেশিদের

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: এক বছরেও পরিচয় মেলেনি অস্ট্রেলিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আটক ৮ শতাধিক বাংলাদেশি নাগরিক দাবিদারের। পরিচয় না মেলায় তাদের দেশে ফেরানোর কার্যকর উদ্যোগও নেওয়া যাচ্ছে না। এ কারণে ওইসব বাংলাদেশির জীবন যাপন চরম মানবেতর হয়ে উঠছে।

সুন্দর জীবন যাপনের স্বপ্ন নিয়ে গত বছরে শুরুর দিকে নৌ-পথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে আট শতাধিক বাংলাভাষী। কিন্তু অস্ট্রেলিয়া উপকূলে পৌঁছুলে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ‘অবৈধ অভিবাসী’ হিসেবে তাদের আটক করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ওই বাংলাভাষীরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে।

এরপর এ বিষয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে বাংলাদেশি দাবিদারদের দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার লোক সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে আটক হয়ে আশ্রয় কেন্দ্রে রয়েছে। এদের মধ্যে বাংলাদেশি রয়েছে প্রায় ১ থেকে দেড় শতাংশ।

সূত্র আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে নির্দেশনা পেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ড্রেগ উইলকক আটক বাংলাদেশিদের ফেরত আনতে গত বছরের ১৫ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে লিখিতভাবে প্রস্তাব দেন ।

ওই প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আটক বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় বৈধতা দিয়ে সে দেশে কর্মী হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের নীরবতায় তেমন বিস্ময়ের কিছু না থাকলেও নাগরিকদের ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ঢাকার সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগের অভাব ভাবাচ্ছে আটক বাংলাদেশিদের স্বজনদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের দাবি, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের প্রস্তাব পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কয়েক দফায় আটক ব্যক্তিদের নাম-ঠিকানা চাওয়া হয় পরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ দূতাবাসকেও বিষয়টি অবহিত করেন, একইসঙ্গে সহায়তা কামনা করেন।

কিন্তু গত এক বছরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বাংলাদেশিদের নাম-পরিচয় এমনকি কোনো তালিকা দিতে পারেনি বলে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) স্মৃতি রানী ঘরামী বাংলানিউজকে বলেন, তারা বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি পররাষ্ট্র মন্ত্রণালয় তালিকাসহ নাম ঠিকানা দেয়, তাহলে আমরা জানাতে পারবো আটক অভিবাসীরা বাংলাদেশি নাগরিক কিনা।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট (রাজনৈতিক) শাখা থেকে বলা হয়, বৈধ হিসেবে গণ্য না করলেও অস্ট্রেলিয়ার আশ্রয় কেন্দ্রে আটকে থাকা আট শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার আর্থিক সক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।

এজন্য তাদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।

তবে, ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরুর আগে আটক ওই বাংলাভাষীরা বাংলাদেশি কিনা তা নিশ্চিত করা আগে প্রয়োজন বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, আটক বাংলাদেশি দাবিদারদের সেখানে বৈধ করার চেষ্টা চলছে। যদি তাদের বৈধ করা না যায়, সে ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনা হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫