স্টাফ রিপোর্টার ॥
গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
এদিকে নাশকতার মামলায় দলটির অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। মঙ্গলবার জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন নামঞ্জুর করেন।
চকবাজার থানার নাশকতা মামলায় গয়েশ্বরের পক্ষে আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে ২৬ ডিসেম্বর শাহবাগ থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩০ ডিসেম্বর তুরাগ থানার অপর একটি মামলায় দুই দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
