স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: তিনি ছিলেন ফেভারিট। ফাইনালের আগে কাউকে যদি জিজ্ঞেস করা হতো কে জিতবে, সেই প্রশ্নের জবাবে নোভাক জকোভিচের নামই আসতো। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে স্তানিসলাস ওয়ারিঙ্কার নাম বলার মতো লোক খুঁজে পাওয়া দুস্কর হতো। কিন্তু ম্যাচটা যতো এগোয় ততই রোমাঞ্চ বাড়ে। শেষ পর্যন্ত জকোভিচের ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন হয়ে যান অষ্টম বাছাই ওয়ারিঙ্কা। ফ্রেঞ্চ ওপেনের নতুন চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কাই। এই সুইস কাল প্যারিসের রোলা গাঁরোতে জকোভিচকে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের শিরোপা।
জকোভিচের সামনে সুযোগ ছিলো মাত্র অষ্টম খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতে গ্র্যান্ড স্ল্যামের সেট পুরণের। এর আগে এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র ৭ জন খেলোয়াড়। কিন্তু বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হতাশ হলেন ফাইনালে। তার চেয়ে ভালো খেলেই জয় তুলে নেন ওয়ারিঙ্কা। জকোভিচকে তাই আরো ১২ মাস অপেক্ষায় থাকতে হচ্ছে। তার টানা ২৮ ম্যাচ জয়ের গাড়িতে বিরতি এনে দিয়েছেন ওয়ারিঙ্কা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওয়ারিঙ্কা। ৩০ বছরের এই খেলোয়াড় এবার জিতলেন আরেকটি মর্যাদার শিরোপা। এবং তর্কসাপেক্ষে সবচেয়ে কঠিন শিরোপাটাই জিতলেন তিনি।
