বিনোদন ডেস্ক ॥
ঢাকা: এখন শরৎকাল। কাশফুলের রেণু উড়ছে হাওয়ায়। কিন্তু মৌসুমী অপেক্ষা করছেন বর্ষার। কিন্তু কেন? জানা গেলো নির্মাতা আশুতোষ সুজন এর সঙ্গে কথা বলে।
আশুতোষ সুজনের নির্মাণে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘আমার বাবা’র শুটিং পেছানো হয়েছে। এর আগে আগস্টে দু’ তিনটি দৃশ্যের শুটিং হয়েছিল। কিন্তু হঠাৎ পিছিয়ে দেয়া হল শুটিং। কারণ হিসেবে সুজন জানালেন, ‘চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে আমাদের বর্ষা দরকার। বর্ষাকে ফুটিয়ে তুলতেই আমরা শুটিং পিছিয়েছি। ২০১৬ সালের মে থেকে শুটিং শুরু করে সেবছর ডিসেম্বরেই মুক্তি দেব।’
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী ও কলকাতার অভিনেতা প্রসেনজিৎ। প্রসেনজিতের সঙ্গে সুজনের এক দফা কথা হয়েছে। নভেম্বরে কলকাতায় গিয়ে আরেক দফায় বৈঠক করবেন বলে জানা গেছে।
বর্তমানে তিনকন্যা নামে একটি সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত আশুতোষ সুজন। প্রথম ধাপের কাজ শেষ। শিগগিরই দ্বিতীয় ধাপের কাজ শুরু করবেন তিনি। সিরিয়ালটি বাংলাভিশনে প্রচার শুরু হবে।
