Skip to content

ব্যালট ছিনিয়ে জয় চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পৌর নির্বাচনে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বিএনপি প্রার্থীরা জোর করে জয়লাভ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ভোটের সময় যত পার হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শঙ্কা তত বাড়ছে। বিএনপি নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন নিয়ে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। ভোটারদের মধ্যে শঙ্কা তৈরির করার জন্য আগে থেকেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছিল। যেহেতু তারা (বিএনপি) জানে জনগণ তাদের পক্ষে রায় দেবে না, সে কারণে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্বাচনে জয় চায় তারা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পটুয়াখালীর কুয়াকাটার ৮ নম্বর কেন্দ্রে বিএনপির সমর্থকরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে।’

পৌর নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় মৃত্যুর ঘটনা সামাজিক দ্বন্দ্বের কারণে, নির্বাচনকে কেন্দ্র করে নয় বলেও দাবি করেন হানিফ।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যেই তারা যশোরে পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর ককটেল হামলা চালিয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

তিনি বলেন, ‘সকাল থেকে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। জয়-পরাজয় যা-ই হোক মেনে নেয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক এমপি, সম্পাদক দপ্তর আবদুস সোবহান গোলাপ, সুজিত নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫