জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচটি গরুসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার ভোরে উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে গরু নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ উক্ত পাঁচজনকে আটক করে।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।
