বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত জনবহুল কয়েকটি এলাকায় সিরিজ বোমা হামলায় শনিবার কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩শ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা আল জাজিরা এ খবর জানায়।
নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার বিকেলে বাগদাদের অন্তত সাতটি আলাদা ক্যাফে, রেস্টুরেন্ট ও বাজার এলাকায় পর পর ১৭টি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া আরো কয়েকটি বন্দুক হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।এতে সব মিলিয়ে ৯১ জন নিহত ও আরো ৩শ জন আহত হয়। বাগদাদের দক্ষিণ-পূর্ব জিসার দিয়ালা শহরতলীর গাড়িবোমা হামলায় নিহত হয় ৭ জন ও আহত হয় ২০ জন।
বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরের ব্যস্ত রাস্তায় আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হন ১০ জন। এতে আহত হন আরও ৪৫ জন।
রাজধানী বাগদাদের দক্ষিণে কারবালা ও নাসিরিয়া শহরে দুটি বিস্ফোরণ ঘটে। আরেকটি বিস্ফোরণ ঘটে উত্তরের শহর কিরকুকের একটি শিয়া মসজিদের কাছে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের ছুটির মধ্যেই এ ঘটনা ঘটলো।
এ নিয়ে এ বছর দেশটিতে প্রায় ৪ হাজার লোক সহিংসতা ও বোমা হামলায় মারা গেলো। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছে ১ হাজার জনের বেশি। আর রমাজানে মারা গেছে ৬৭০ জন।
তবে এখনো পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
