Skip to content

সরকার হয় বিচার করবে, নয় দায় নেবে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে নাগরিক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার রাষ্ট্রকেই করতে হবে। কোনো কারণে বিচার না করলে এর দায় রাষ্ট্র এড়াতে পারবে না। সরকার হয় বিচার করবে, নয় দায় নেবে।’

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে নাগরিক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে এভাবে খুন-গুম-ধর্ষণ হতো না। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, গভর্নর দায় স্বীকার করে পদত্যাগ করছেন, প্রধানমন্ত্রী অশ্রু বিসর্জন দিচ্ছেন। অথচ অর্থমন্ত্রী এখনো কিছু জানেন না। অবিলম্বে অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

তিনি আরো বলেন, ‘তনুকে নিয়ে সারাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং জনগণের দীর্ঘদিনের নাভিশ্বাসের যন্ত্রণার প্রতিফলন।’

সভাপতির বক্তব্যে সংগঠনের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ‘তনু এখন আমাদের আন্দোলনের প্রতীক মাত্র। আর কত তনুর মতো বোন ধর্ষিত হওয়ার পর নৃশংসভাবে খুন হলে রাষ্ট্র জেগে উঠবে। তনুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, সারাদেশ যখন হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল- ঠিক সেই মুহূর্তে তনুর মতো আরেক বোনকে শরীয়তপুরে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। রাষ্ট্র শুধু ভাবছে আর দেখছে। রাষ্ট্রের মানবাধিকার কমিশনের প্রধান মিজান সাহেবের চোখে কি কালো পর্দা লাগিয়ে দিয়েছেন। তিনি চিবিয়ে চিবিয়ে কথা বলেন। কিন্তু দেশে একের পর এক গুম খুন আর ধর্ষণ হচ্ছে- সে বিষয়ে তার বক্তব্য রহস্যময়।’ অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহেদুর রহমান তামান্না, এনডিপির প্রচার সম্পাদক রাজু আহমেদ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, বিশিষ্ট নারীনেত্রী শাহানা চৌধুরী, নিলুফার ইয়াসমিন, বাংলাদেশ নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌসী, আলোর মিছিলের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান মনির, নুরুজ্জামান সর্দার, বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের সভাপতি চৌধুরী রাজিব আহমেদ রিপন, নাগরিক মঞ্চের সভাপতি রাজু আহমেদ ও জাতীয় মানবাধিকার সমিতি সাংগঠনিক সম্পাদক মুনিয়া ইসলামসহ প্রমুখ। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫