স্টাফ রিপোর্টার ॥
সংসদ ভবন থেকে: তিস্তা নদীর অর্ন্তবর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। অচিরেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
পানি সম্পদ মন্ত্রী জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীদ্বয়ের দিক নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে তিস্তা নদীর অর্ন্তবর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। অচিরেই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন করা হবে বলে আশা করা যাচ্ছে।’ ‘ভারতের সঙ্গে আলোচনাপূর্বক চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি।
তিস্তা চুক্তির বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, ‘সরকার ২০০৯ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে। বিশেষ করে, ২০১০ সালের জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকালে শুকনো মৌসুমে তিস্তা নদীর পানি স্বল্পতার কারণে দু’দেশের জনদুর্ভোগের কথা অনুধাবন করে জরুরি ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন মর্মে যৌথ ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
