Skip to content

এসোসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেল আইসিটি বিভাগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগনাইজেশন বাংলাদেশ সরকারের তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ এ ভূষিত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিট’ এর এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি ডিভিশনের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষণীয় প্রয়োগের মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এই পুরস্কার প্রদান করা হয়।

এই পুরস্কার প্রদানে ‘বাংলাগভনেট’ ও ‘ইনফো সরকার-২’ প্রকল্পের আওতায় দেশের ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগ, ২২২ টি অধিদপ্তর বা সংস্থাসহ সকল জেলা ও উপজেলাকে উচ্চগতির ফাইবার অপটিক কেবল সংযোগের আওতায় নিয়ে আসার বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে এসোসিও’র পক্ষ থেকে জানানো হয়। এছাড়া আট শতাধিক ভিডিও কনফারেন্সিং সিস্টেম এর মাধ্যমে সরকারি কর্মকাণ্ড দ্রুততর গতিতে সম্পাদন, সরকারের আইসিটি-নির্ভর সকল কার্যক্রম ও সেবা প্রদান আরো সসন্বিতভাবে সম্পাদন করতে সকল মন্ত্রণালয় বা বিভাগ ও দপ্তরকে একটি একীভূত কাঠামোর আওতায় নিয়ে আসার প্রক্রিয়া ত্বরাণিত করার বিষয় বিবেচনা করা হয়েছে।

মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দেওয়া, প্রাথমিক শিক্ষকদের অবসর ভাতা প্রদানে অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা গ্রহণ, অনলাইনে ট্যাক্স ব্যবস্থাপনায় বাস্তবায়ন, সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার স্মার্ট ডিভাইস প্রদানের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ডে গতির সঞ্চার, ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে সরকারি ওয়েব পোর্টাল ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি সেবার তথ্য প্রদান ইত্যাদি কার্যক্রমকে বিবেচনা করা হয়েছে বলে এসোসিও’র পক্ষ হতে জানানো হয়।

পুরস্কার গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম যে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড আরো বেশি উদ্দীপনা পাবে, প্রেরণা পাবে।

এসোসিও অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, হংকং, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫