বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করা জমির বাইরের নয়টি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সেখানকার জলাভূমির পানিও শুকিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানিয়ছেন, এরইমধ্যে গ্রামবাসীরা বাড়িঘর ফাটল সংক্রান্ত আবেদন পত্রও জমা দিয়েছে।
এর আগে অধিগ্রহণ করা এলাকায় একবার জমি দেবে যাওয়ার ঘটনাও ঘটেছিলো বলে জানা গেছে।
পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন কয়েকটি গ্রামের বাড়িঘরের বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় সাংবাদিক কংকন কর্মকার বিবিসি বাংলাকে বলেন, প্রায় ৭শ’র মতো ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। কয়লা খনি থেকে বাড়িঘরগুলোর দূরত্ব আনুমানিক ২ বর্গ কিলোমিটার।
গ্রামের অধিকাংশ ঘরের দেয়াল, মেঝে ফেটে গেছে। এমনকি অনেক যায়গায় লম্বা আকারে মাটির ফাটল দেখা গেছে। এই অবস্থায় এলাকাবাসীর মনে অতঙ্ক বিরাজ করছে। যদিও ক্ষতিগ্রাস্থরা এখনো নিরাপদ আশ্রয়ে যাওয়া নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। তারা কোনভাবে ঘরবাড়ি মেরামত করে সেখানেই থাকছেন এবং বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছেন এবং সামাধানের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন।
রোববার সকাল পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কেউই বাড়িঘরগুলো পরিদর্শনে যাননি। তবে সকালের পরে কয়লা খনির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়া কথা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
