Skip to content

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের গুলিতে মাসুদ আলী (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুদের চাচাতো ভাই কালামসহ ৫ জন। নিহত মাসুদ আলী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওহেদপুর সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কালামসহ অন্যরা পালিয়ে এসে গোপন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত কালাম একই এলাকার আব্দুল হালিমের ছেলে। এ ছাড়া অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত মাসুদের লাশ ভারতের চাঁদনীচক ফাঁড়ি বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিশরশিয়া গ্রামের লোকজন নিশ্চিত করেছে।

চাঁপাইনবাবগঞ্জের ওহেদপুর সীমান্তের গ্রাম বিশরশিয়ার লোকজন জানান, সোমবার সন্ধ্যার পর ৪০/৪৫ জন বাংলাদেশী রাখাল সীমান্ত অতিক্রম করে গরু আনতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁন্দপুরে যায়।

রাত সাড়ে ১২টার দিকে তারা শতাধিক গরু-মহিষ নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তের দেড় কিলোমিটার ভেতরে চাঁদনিচক বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের গতিরোধ করে। এসময় বিএসএফের ধাওয়া খেয়ে কিছু রাখাল গরু ছেড়ে পালিয়ে আসে।

বিএসএফ গুলি বর্ষণ করলে মাসুদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় কালামসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। বিএসএফ শতাধিক গরু-মহিষও আটক করেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এ ব্যপারে ওহেদপুর বিজিবি ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী হতাহতের কোনো খবর তাদের কাছে নেই। কেউ অভিযোগ করলে তারা ঘটনা খুঁজে দেখবেন।

উল্লেখ্য, গত তিন মাসে একই সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশী নিহত ও ১০ জন আহত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫