স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আগস্টের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৭৯ কোটি ৮৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। সোমবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে রেমিটেন্স প্রবাহ সামান্য কমে এলেও চলতি (২০১৩-১৪) অর্থবছরের প্রথম মাসে তা আবার বাড়তে শুরু করে। জুলাই মাসে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ১২৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। যা জুনের চেয়ে চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি। জুনে রেমিটেন্স এসেছিল ১০৫ কোটি ৮২ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২৩ দিনে ৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৫০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৭২ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসীরা মোট এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এরমধ্যে জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১০৫ কোটি ৮২ লাখ ডলার। মে মাসে ১০৮ কোটি ৭১ লাখ ডলার। এপ্রিলে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৪৪ লাখ ডলার পাঠিয়েছিলেন। মার্চে ছিল ১২২ কোটি ৯৩ লাখ ডলার।
ফেব্রুয়ারিতে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছিলেন ১১৬ কোটি ৩১ লাখ ডলার। জানুয়ারিতে এর পরিমাণ ছিল ১৩২ কোটি ৬৯ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল এক হাজার ২৮৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪৪৬ কোটি ডলারে।
বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন। বর্তমান সরকারের সাড়ে চার বছরে প্রায় ২০ লাখ ৪২ হাজার শ্রমিক বিদেশে গেছেন।
