বিনোদন ডেস্ক ॥
চিত্রনায়িকা পপিকে অনেকদিন থেকে চলচ্চিত্রে নতুন কোন ছবিতে দেখা যায়নি। দুই বছর ধরে তিনি সিনেমা জগতের বাহিরে ছিলেন। পপিকে আবার দেখা যাবে বাংলার রুপালি পর্দায়। আবারও দর্শককে মাতাবেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরি পরিষদ সদস্য পদে জয়ী হয়ে আবারো সরব হয়েছেন। হাতে এসেছে নতুন ছবিও।
‘রাজপথে’ শিরোনামের একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে এ নায়িকা। জাভেদ জাহিদের পরিচালনায় পপির বিপরীতে দেখা যাবে জায়েদ খানকে। পপি জানান, রাজনৈতিক গল্পে নির্মিত হবে ছবিটি। তাকে দেখা যাবে সাহসী পুলিশ অফিসারের ভূমিকায়। রাজনৈতিক অস্থিরতার সময় নেতাদের নানা হুমকি ও বাধা মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবেন তিনি।
আরো শোনা যাচ্ছে, রিয়াজের বিপরীতে আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পপি। তবে এ নিয়ে এখনই জানাতে রাজি নন জাতীয় পুরস্কারজয়ী নায়িকা।
পপিকে সর্বশেষ দেখা যায় ২০১৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া কয়েক বছরের পুরনো ‘পৌষ মাসের পিরিত’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘সোনাবন্ধু’। এ সিনেমায় তার সহশিল্পী ডিএ তায়েব ও পরী মনি। শিগগিরই মুক্তি পাবে ‘সোনাবন্ধু’।
