Skip to content

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি > স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির কঠোর সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে। তিনি এই তল্লাশি বেআইনি উল্লেখ করে এর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবিও জানিয়েছেন। রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, এই তল্লাশি রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতোপূর্বে এমন ঘটনা আর ঘটেনি। পুলিশ মিথ্যা অভিযোগ এনে তল্লাশি চালিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে নজীরবিহীন ঘটনা। বেআইনীভাবে পুলিশি তল্লাশি অশনি সংকেত বহন করছে বলেও জানিয়েছেন বিএনপির এই নীতি নির্ধারক।

বিএনপির এই নেতা বলেন, আমরা (বিএনপি) দেশে যখন একটি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা করার উদ্যোগ নিয়েছি, ভিশন ২০৩০ দিয়েছি। তার পরই এই ধরনের একটি আগ্রাসন দেশে গণতন্ত্রের যে নূন্যতম সুযোগ আছে তাও ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের হানা আবারো প্রমাণ হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করেছে, মানুষের অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫