Skip to content

বিদেশে চীনের প্রথম সামরিক ঘাঁটিতে যাচ্ছে দেশটির সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক ॥

মুজতাহিদ ফারুকী: বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি স্থাপিত হচ্ছে আফ্রিকার জিবুতিতে। জিবুতির ঘাঁটিতে মোতায়েনের জন্য চীনা সৈন্যদের একটি দল জাহজে করে রওনা হয়েছে।

চীন বলেছে, এই ঘাঁটি আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় শান্তিরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে। জিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়, ঘাঁটিটি সামরিক সহযোগিতা, নৌ-মহড়া এবং উদ্ধার অভিযানেও ব্যবহার করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় চীনের বিনিয়োগ বাড়ানো এবং ভারত মহাসাগরে তার প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এই সামরিক ঘাঁটি স্থাপনের পদক্ষেপ নেয়া হয়। জিনহুয়ার রিপোর্টে জিবুতির উদ্দেশে রওনা হওয়া সৈন্যদের বা জাহাজের সংখ্যা কিংবা সামরিক ঘাঁটিটি কখন থেকে চালু করা হবে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। খবরে বলা হয়, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর ঘাঁটি নির্মানের কাজ শুরু করা হয়।

আফ্রিকান শৃঙ্গে অবস্থিত ক্ষুদ্র দেশ জিবুতিতে যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশের সামরিক ঘাঁটি রয়েছে। জাহাজ চলাচলের অত্যন্ত ব্যস্ত পথের পাশে অবস্থিত দেশটি তার অবস্থানগত কারণেই এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য আদর্শ স্থান হিসাবে বিশেষ গুরুত্ব লাভ করে।

২০১৫ সালে চীন আফ্রিকার উন্নয়নে ৬হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করে। একই বছরে দেশটি দক্ষিণ সুদানে তার প্রথম বৈদেশিক শান্তিরক্ষা মিশনে অংশ নেয়।

সূত্র: বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫