স্টাফ রিপোর্টার ॥
কাঁচা টাকার লোভে রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রথমে উগ্রবাদী, সন্ত্রাসী সাজানোর চেষ্টা করা হয়েছে। এখন তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ যখন রোহিঙ্গাদের সাহায্য করছে, ত্রাণ পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে এবং সমর্থন জানাচ্ছে তখন ওই লোভে বা কাঁচা টাকার জন্য তার গলার স্বর এখন নরম কিন্তু ভিতরে ভিতরে তার দলের নেতাকর্মীরা এখনও রোহিঙ্গাদের নিয়ে খারাপ মন্তব্য করছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সহায়ক সরকার: নির্বাচন কমিশনের ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।
রোহিঙ্গাদের উদ্দেশ্যে নেয়া বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকানোর ঘটনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, যে প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দলের ২২ ট্রাক ত্রাণ আটকিয়ে দিতে পারে তার মানবতা কি হতে পারে? তার মধ্যে কোনো মমত্ববোধ আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশ আসবে তাই তিনি পালন করবেন প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি (প্রধান নির্বাচন কমিশনার) প্রধানমন্ত্রীকে সূর্য বলে মনে করে তার চারিদিকে পরিক্রমন করেন। এটা তার ব্রত এটা তার প্রত্যয় । নির্বাচন অফিসারদের বদলি তাদের পদোন্নতি এসব তিনি একাই করেন। সুতরাং প্রধান নির্বাচন কমিশনের অধীনে কি রকম নির্বাচন হতে পারে তা সহজেই অনুমেয়। অবাধ সুষ্ঠু নির্বাচন যেমন প্রধান নির্বাচন কমিশন চায় না তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
