Skip to content

বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত নিতে জানে আ.লীগ : সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কঠিন বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত দরকার। যা বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিশ্ববাসীকে জানান দিয়েছে। মিয়ানমারে জাতিগত যে নিপীড়ন চলছে তা গণহত্যার সামিল। জীবন বাঁচাতে পালিয়ে সীমান্ত পার হওয়া প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিকতার দার উন্মোচন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল সাড়ে ১০টায় হোটেল কক্স টুডেতে বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে সেতুমন্ত্রী আরও বলেন, মানবিকতার প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করায় বিশ্ববাসী শেখ হাসিনাকে নিয়ে প্রশংসা করছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরুস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই একবাক্যে বাংলাদেশের প্রশংসা করছে। কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নয়। উল্টো তারা নানাভাবে বিরোধিতা করছে যা হাস্যকর।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণের নামে সাতদিনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখেন। এরপরও সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরীতে হলেও অন্তত তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে এসে সারা দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও বেগম জিয়া একটি ধন্যবাদও দেননি। উল্টো সরকারের সমালোচনা করেছেন। এটি হীনমন্যতা ছাড়া আর কী হতে পারে? সরকারকে বেকায়দায় ফেলতে ও বিশ্বমিডিয়ায় কাভারেজ পেতে তার দলের নেতারাই গাড়িবহরের সাংবাদিকের গাড়িতে হামলা করেছে।

এসময় রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেয়া ত্রাণের পাশাপাশি আলোর জন্য সোলার প্যানেলও গ্রহণ করেন তিনি।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বাহা উদ্দিন নাসিম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায়, দফতর সম্পাদক বিপ্লব বডুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫