Skip to content

শাকিব খানের সঙ্গেই প্রস্তাব বেশি আসে: বুবলি

বিনোদন ডেস্ক ॥

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনম বুবলি। যেন ঝড়ের বেগে উঠে আসা এক তারকা। অভিষেক থেকে ছুটছেন একই গতিতে। বাংলাদেশে গুগল সার্চে শীর্ষে থাকা একমাত্র নায়িকা তিনি। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। একই নায়কের বিপরীতে সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি….

চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে গুগলে বাংলাদেশে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে আপনাকে। কারণ কী?

► কারণটা দর্শকরাই ভালো বলতে পারবেন। বিষয়টি আমাকে বেশ আনন্দ দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। কারণ ইন্টারনেটের এ যুগে সবাই বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। এর মধ্যেও তারা আমাকে নিয়ে ভেবেছেন, আমাকে খুঁজে দেখেছেন। মানে তারা সর্বদা আমার পাশে ছিলেন এবং আছেন।

নতুন ছবির খবর প্রকাশিত হচ্ছে। বিষয়টি একটু খোলাসা করে বলবেন কি?

► আমার নতুন একটি ছবির প্রাথমিকভাবে নাম চূড়ান্ত করা হয়েছে ‘সুপার হিরো’। হার্টবিট প্রডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন আশিকুর রহমান আশিক। নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। শুনছি তারিক আনাম খান ও তাসকিন রহমান ভাইও থাকবেন। শিগগিরই অস্ট্রেলিয়াতে ছবির শুটিং শুরু হবে।

আরও দু’টি ছবি হাতে রয়েছে। এর মধ্যে একটির শুটিংও শুরু করেছেন। অন্যটির খবর কী?

► একটি ছবির নাম ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ নির্মাণ করবেন। এ ছবিতে আমি আর শাকিব খান জুটি হয়ে অভিনয় করব। আর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং তো শুরু হয়েছে। উত্তম আকাশ নির্মাণ করছেন ছবিটি। আপাতত শুটিং হচ্ছে না। শাকিব খান দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে এলে শিডিউল মোতাবেক ছবির শুটিং শুরু হবে।

শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন। অন্য নায়কের বিপরীতে অভিনয় করছেন না কেন?

► শাকিব খান আমাদের দেশের শীর্ষ নায়ক। তার সঙ্গে অভিষেক হয়েছে আমার। এটি আমার জন্য বড় একটা পাওয়া ছিল। সবাই চাইবে দেশের সেরা নায়কের সঙ্গে অভিনয় করতে। কারণ তার ছবি দর্শকরা গ্রহণ করেন। অতীতেও এমনটি হয়েছে। আর আমি কী করব? অভিনয়ের প্রস্তাব শাকিব খানের সঙ্গেই বেশি আসে। তবে শাকিব খান ছাড়া ভালো বাজেটের ও ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করব। এমন চমকও দেখা যেতে পারে।

অন্য নায়কের সঙ্গে অভিনয় তাহলে আপনি চমক হিসেবে দেখছেন?

► এটা তো কথার কথা। অনেক দর্শক বলছেন আপনি কেন অন্য নায়কের সঙ্গে অভিনয় করছেন না। তাই বললাম সব ঠিকঠাক অন্য নায়কের সঙ্গেও অভিনয় করব। সূত্র: যুগান্তর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫