বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের যে সাফল্য সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহার ছিল, দিন বদলের সময়। তার মধ্যে সুস্পষ্টভাবে লেখা ছিল দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশ পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতির সঙ্গে সহাবস্থান করে দেশ পরিচালনা করা যায় না, ক্ষমতায় থাকা যায় না।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
সুশাসন প্রতিষ্ঠায় মাদক ও ভেজালবিরোধী অভিযানের পর দুর্নীতিবিরোধী অভিযানে নামার পরিকল্পনা করছে সরকার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিযানে সমর্থনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রচার জোরদার করার উদ্যোগের কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।
চলতি বছরের শেষে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ৩টি নির্দেশনাকে ঘিরে কাজ করাছে আওয়ামী লীগ সরকার। প্রখথমতো, সরকারের বিগত ১০ বছরের সাফল্য এবং উন্নয়নের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরা এবং দ্বিতীয়তো মাদক ও দুর্নীতিসহ সমাজের ক্ষতগুলোর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান এবং দলের অভ্যন্তরীণ কোন্দল মিমাংসা করে দলকে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ করা।
এরই মধ্যে প্রথম ও তৃতীয় নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের মতে,দেশে নির্বাচনী ইশতেহারের ৫টি অগ্রাধিকারের অন্যতম হিসেবে দেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার।
তবে কোন অবস্থাতেই জনস্বার্থ বিষয়ক এসব উদ্যোগ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। জনগনের স্বার্থেই এ অভিযান পরিচালনা করা হবে।
